সোমবার, ২২ আগস্ট, ২০১১

আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের তথ্য দেখুন উবুন্টুতে

অনেক সময় আমাদের নানান প্রয়োজনে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারের বিভিন্ন তথ্য বা ইনফরমেশন দেখার প্রয়োজন পড়ে। এই কাজের জন্য উবুন্টুতে অনেক ধরণের সফটওয়্যার আছে, তবে এখানে আমি আপনাদের শুধুমাত্র তিনটি সফটওয়্যারের কথা বলব। এগুলো দিয়ে খুব সহজেই আপনি আপনার হার্ডওয়্যারের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন।

১. lshw
ক. কমান্ড লাইন ইন্টারফেস

টার্মিনালে বা যে কোন কমান্ড লাইন ইন্টারফেসে আপনার হার্ডওয়্যারের তথ্য দেখার জন্য lshw একটি চমৎকার অ্যাপ্লিকেশন। এর সাহায্যে আপনি হার্ডওয়্যারের বিভিন্ন তথ্য যেমন বায়োস ইনফো, ফার্মওয়্যার ইনফো, মাদারবোর্ড, মেমরী, সিপিইউ ইত্যাদি আরো অনেক তথ্যাদি জানতে পারবেন। মজার ব্যাপার হল, এই অ্যাপ্লিকেশনের সাহায্যে শুধু টার্মিনালেই নয়, আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের তথ্যগুলো HTML বা XML ফাইলে সংরক্ষণ করতে পারবেন।

lshw সাধারণত উবুন্টুতে ডিফল্টভাবে ইন্সটল করা থাকে। তবে যদি কোন কারণে আপনার উবুন্টুতে এটি ইন্সটল না করা থাকে, তবে ইন্সটলের জন্য লিখুন,

sudo apt-get install lshw

এবার টার্মিনালে রান করুন,

sudo lshw

আপনি যদি এই তথ্যগুলো HTML ফাইলে সংরক্ষণ করতে চান, তবে টার্মিনালে কমান্ড দিন,

cd && sudo lshw -html > hardware_info.html

এতে করে আপনার হোম ফোল্ডারে "hardware_info.html" নামে একটি ফাইল তৈরী হবে। একে আপনার ওয়েব ব্রাউজার দিয়ে খুললে আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের তথ্যাদি দেখতে পাবেন।

সোমবার, ১৩ জুন, ২০১১

উবুন্টু ১১.০৪-এ সকল অ্যাপ্লিকেশনের জন্য প্যানেলের নোটিফিকেশন এরিয়া Re-Enable করার পদ্ধতি

উবুন্টু ১১.০৪-এ ইউনিটি ব্যবহার করা হয়েছে। এতে ডিফল্টভাবে প্যানেলের নোটিফিকেশন এরিয়া স্বল্প সংখ্যক অ্যাপ্লিকেশনের জন্য রেস্ট্রিকটেড করা আছে। এর ফলে নোটিফিকেশন এরিয়া বা Systray-তে আপনি নেটওয়ার্ক আইকন, স্কাইপি ও আর কয়েকটি অ্যাপ্লিকেশন ছাড়া বাকি কোন অ্যাপ্লিকেশনের আইকন দেখতে পাবেন না। যেমন, আপনি যদি ভিএলসি, পিজিন, শাটার, ডিল্যুয, বা কোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে যেটি সিস-ট্রেতে আইকন দেখায়, সেগুলোর আইকন এই উবুন্টু ১১.০৪-এ দেখতে পাবেন না।

এই সমস্যা থেকে রেহাই পাবার জন্য আমাদেরকে এই নোটিফিকেশন এরিয়াকে সকল অ্যাপ্লিকেশনের জন্য রি-এনাবল করতে হবে। এজন্যে প্রথমে "dconf-editor" প্যাকেজটি ইন্সটল করে নিন। টার্মিনালে টাইপ করুন,

sudo apt-get install dconf-tools

ইন্সটল শেষে Alt+F2 চেপে লিখুন "dconf-editor"। dconf-editor ওপেন হলে desktop > unity > panel-এ গিয়ে "systray-whitelist"-এর ভ্যালু পরিবর্তন করে দিন,

['all']

কাজ শেষে উবুন্টু থেকে লগআউট করে লগইন করুন।

উপরের কাজটি কমান্ড লাইনের মাধ্যমে সহজে করতে পারেন। এজন্যে টার্মিনালে লিখুন,

gsettings set com.canonical.Unity.Panel systray-whitelist "['all']"

এরপর লগআউট করে লগইন করুন।


সূত্রঃ WEB UPD8

সোমবার, ৯ মে, ২০১১

Bash স্ক্রিপ্টের সাহায্যে স্টার্টআপের সময় অটোম্যাটিক MAC অ্যাড্রেস পরিবর্তন ও PPPoE কানেক্ট পদ্ধতি

আমি পিপিপিওই কানেকশন ব্যবহার করি। এজন্যে আমার নেট কানেক্ট করার জন্য টার্মিনালে প্রথমে ল্যান কার্ডের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে পরে sudo pon dsl-provider কমান্ড দিতে হয়। এই দুইটি কাজ একটি ছোট ব্যাশ স্ক্রিপ্টের সাহায্যে করা যায়, যাতে পিসি চালু হবার পর টার্মিনালে কমান্ড না দিয়ে স্টার্টআপের সময়ই কাজ দুটি করা যায়। যারা নেট কানেক্ট করার জন্য টার্মিনালে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করেন, কিংবা টার্মিনালে কমান্ড দিয়ে পিপিপিওই নেট কানেক্ট করেন, অথবা আমার মত দুটি কাজই করতে হয়, তাদের জন্য এই টিউটোরিয়াল।

প্রথমে টার্মিনাল খুলে ডিরেক্টরী পরিবর্তন করুন নিচের কমান্ড দিয়ে,

cd /etc/init.d

এবার এখানে একটি ব্যাশ স্ক্রিপ্ট তৈরী করুন,(যেমন এখানে আমি macchanger নামে একটি ফাইল তৈরী করেছি)

sudo gedit macchanger

এবার নিচের লাইনগুলো এই ফাইলে পেস্ট করে দিন। লক্ষ্য করুন, যাদের শুধুমাত্র ম্যাক পরিবর্তন করা দরকার তারা নিচের ব্যাশ স্ক্রিপ্টের শেষের দুই লাইন বাদ দিবেন আর যাদের শুধু পিপিপিওই কানেক্ট করা দরকার তারা প্রথম লাইন ও শেষের দুই লাইন রেখে মাঝখানের ৫টি লাইন বাদ দিবেন।

#!/bin/bash

#mac changer commands
sudo ifconfig eth0 down
sudo ifconfig eth0 hw ether xx:xx:xx:xx:xx:xx
sudo ifconfig eth0 up
sudo /etc/init.d/networking stop
sudo /etc/init.d/networking restart

#pppoe connection commands
sleep 5s
sudo pon dsl-provider

এখানে xx:xx:xx:xx:xx:xx এর জায়গায় আপনার কাঙ্খিত ম্যাক অ্যাড্রেস বসান। পিসিতে একাধিক ল্যান কার্ড থাকলে কোন ল্যান কার্ডে তার সংযোগ দেয়া আছে তার ভিত্তিতে eth0, eth1 ইত্যাদি সঠিক ভাবে বসাতে হবে।***

এবার ফাইলটি সেভ করে ক্লোজ করে দিন, এবং নিচের কমান্ডটি প্রয়োগ করে স্ক্রিপ্টটিকে এক্সিকিউটেবল করুন,

sudo chmod +x macchanger

এরপর নিচের কমান্ডটি দিন,

sudo update-rc.d macchanger defaults

এবার পিসি রিস্টার্ট দিয়ে টার্মিনালে ifconfig কমান্ড দিয়ে দেখুন ম্যাক পরিবর্তন ও পিপিপিওই চালু হয়েছে কিনা।

***যদি পিসিতে একটি মাত্র ল্যান কার্ড থাকে তবে স্ক্রিপ্টে eth0 বসালেই হবে। একাধিক ল্যান কার্ডের জন্য eth0, eth1 ইত্যাদির কোনটি ব্যবহার হচ্ছে তা প্রথমে নিশ্চিত হোন। টার্মিনালে ifconfig কমান্ডটি দিলে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো দেখতে পাবেন। যে কার্ডের সাথে তার লাগানো থাকবে সেই কার্ডের eth ডেস্ক্রিপশনে inet addr, inet6 addr সহ আরো অনেক কিছু থাকবে যেগুলো অন্য কার্ডের বেলায় থাকবে না।

রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

কি করবেন, যদি আপনার সিস্টেম পুরোপুরি ফ্রিজ হয়ে যায়

মাঝে মাঝে বিভিন্ন অ্যাপ্লিকেশন চলতে চলতে হ্যাং হয়ে যেতে পারে। এধরণের সমস্যায় পড়লে টার্মিনালে kill/xkill কমান্ড দিয়ে বা মাউস দিয়ে Forced Quit অপশন সিলেক্ট করে পার পাওয়া যেতে পারে। কিন্তু ধরুন যদি টার্মিনাল না খুলে, মাউসও কাজ না করে, কীবোর্ডের কোন কী-ই কাজ না করে তাহলে? এরকম ঘটনা লিনাক্সে যে একদমই ঘটে না তা নয়, তবে কদাচিৎ। আর লিনাক্সে এরকম অবস্থাতেও সিপিউর রিস্টার্ট বাটন না চেপে কী বোর্ড দিয়ে রিস্টার্ট করার পদ্ধতি আছে। "তবে" আমি নিজে এটা টেস্ট করে দেখিনি, কারণ আগেই বলেছি "Complete freez" লিনাক্সে খুব কম ঘটে। কিন্তু যদি সেরকম দিন আসে, তখন তো নেট ঘেটেও দেখতে পারবেন না কি করবেন, কারণ ঐ মূহুর্তে আপনার পিসি ও আপনার মাথা দুটোই ঠান্ডা বরফ মানে ফ্রিজ থাকবে। তাই আসুন এখনই জেনে নেই এরকম পরিস্থিতে পড়লে কি করবেন।

এই অবস্থায় লিনাক্সে একটি কমান্ড আছে যার নাম REISUB, এটা Alt+SysRq কী কম্বিনেশনের সাথে ব্যবহার করতে হয়। SysRq হচ্ছে কী বোর্ডের Print Screen কী যেটা দিয়ে আপনি বিভিন্ন সময় স্ক্রিনশট নিতে ব্যবহার করেন। সুতরাং কী কমান্ডটি হবে, Alt+SysRq+R-E-I-S-U-B। এখানে R-E-I-S-U-B আলাদা নয়, Alt+SysRq চেপে রাখা অবস্থায় এই কী গুলো একটু সময় নিয়ে চাপতে হবে। এই কমান্ড দিয়ে পিসি রিস্টার্ট হবে। আর যদি পিসি শাটডাউন করতে চান, তাহলে Alt+SysRq+R-E-I-S-U-O চাপুন।

REISUB শব্দটি BUSIER শব্দের উল্টো যা দিয়ে "The System is busier than it should be" অবস্থা বোঝানো হয়। REISUB দিয়ে নিচের কাজগুলো সম্পাদিত হয়,

R: Switch the keyboard from raw mode to XLATE mode.
E: Send the SIGTERM signal to all processes except init.
I: Send the SIGKILL signal to all processes except init.
S: Sync all mounted file systems (IMPORTANT).
U: Remount all mounted file systems in read-only mode.
B: Immediately reboot the system, without un-mounting partitions or syncing.
সূত্রঃ Askubuntu, Mark S. Kolich

রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

টার্মিনালঃ কী, কেন ও কিভাবে-৫ম পর্ব-আরো কিছু কমান্ড

আগের পর্বঃ
আগের পর্বগুলো পড়ে নিশ্চয়ই এতক্ষণে টার্মিনালে কাজ করতে বেশ মজা পাচ্ছেন। এই পর্বে আপনাদেরকে টার্মিনালের আরো কিছু কমান্ডের কথা বলব যেগুলো আপনাদের বিভিন্ন সময় কাজে লাগতে পারে।

  • প্রোগ্রাম চালু করা

  • টার্মিনালে আপনি যে কোনো প্রোগ্রাম চালু করার জন্য ঐ প্রোগ্রামের নাম লিখে এন্টার দিন। যেমন firefox চালু করার জন্য লিখুন,
    firefox
    অবশ্য, এভাবে চালু করা প্রোগ্রাম চালানোর সময় আপনি টার্মিনাল বন্ধ করতে পারবেন না। তবে প্রোগ্রামটি যদি কোন কারণে না চলে, তবে টার্মিনালে সেই এররগুলো দেখতে পাবেন। একটি টার্মিনালে একাধিক প্রোগ্রাম চালু করার জন্য & ব্যবহার করতে পারেন। যেমন প্রথমে ফায়ারফক্স চালু করার জন্য লিখুন,
    firefox &
    এরপর গেডিট চালু করার জন্য লিখুন,
    gedit &


  • &&

  • এই কমান্ড ব্যবহারের মাধ্যমে আপনি একই লাইনে একাধিক কমান্ড লিখে কাজ করতে পারবেন। যেমন PPA বা পারসোনাল প্যাকেজ আর্কাইভ থেকে পিজিন ইন্সটল করার জন্য নিচের কমান্ডগুলো তিনটি ভিন্ন ভিন্ন লাইনে লিখতে হয়,
    sudo apt-add-repository ppa:pidgin-developers/ppa
    sudo apt-get update
    sudo apt-get install pidgin
    প্রথম কমান্ডের সাহায্যে রেপোতে পিপিএ অ্যাড হবে। এরপরেরটি দিয়ে রেপো আপডেট হবে ও শেষেরটি দিয়ে পিপিএ থেকে পিজিন ইন্সটল হবে। এই তিনটি ভিন্ন লাইনকে আপনি একই লাইনে লিখতে পারেন && কমান্ডের সাহায্যে নিচের মত,
    sudo apt-add-repository ppa:pidgin-developers/ppa && sudo apt-get update && sudo apt-get install pidgin
    এই এক লাইন লিখে এন্টার দিলেই প্রতিটি কমান্ডের কাজ একটি একটি করে সম্পন্ন হবে। এখানে লক্ষ্য করুন, এই কমান্ডটি পুরোটিই কিন্তু একটি লাইন, স্ক্রিনে জায়গা না হওয়ায় কিছু অংশ নিচে দেখাচ্ছে।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes